হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের সবাই মেইলগাড়ির আরোহী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। অপর নিহত মজনু মিয়ার বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার শিকার ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে ব্যবহৃত হতো।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, তিনজনকে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কেকে/সাশ