বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
জাতীয়
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার বা চাহিদাপত্র পেয়েছে সরকার। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে চায় সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে ধাপে ধাপে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এর প্রথম পর্যায়ে ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের জন্য চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর ডিএইচএলের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ করা হয় ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

সমান সুযোগ নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে দক্ষতা, ব্যবহারিক যোগ্যতা ও সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচন করা হবে। এ উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

রাশেদুল হক বলেন, নিয়োগের ক্ষেত্রে বোয়েসেল কোনো ধরনের প্রভাব বিস্তার করছে না। নিয়োগকর্তা প্রতিষ্ঠানই যোগ্যতা যাচাই করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নির্বাচিত কর্মীদের বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় সব সরকারি অভিবাসন ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এ ক্ষেত্রে বোয়েসেল কর্মী কিংবা নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।

নিয়োগের নামে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এ ধরনের প্রতারণা এড়াতে প্রার্থীদের কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যেন কোনো দক্ষ ও যোগ্য ব্যক্তি বিদেশে কাজের সুযোগ হারিয়ে না ফেলেন, সে লক্ষ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার হওয়ায় নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসনের সুযোগ সম্প্রসারণে এ কার্যক্রম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ায় কর্মী পাঠানো   সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close