কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভনে প্রতারণা, স্ত্রী-সন্তানকে পরিত্যাগ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে রাজন বণিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী নারী সুমা আক্তার ও তাঁর দুই সন্তানের নিরাপত্তা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মঠখোলা টান বাজার মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযুক্ত রাজন বণিক এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা গ্রামের রনজিৎ বণিক রনার ছেলে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সুমা আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রাজন। পরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌন হয়রানি করেন। এ ছাড়া অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তাঁদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তারা।
বক্তারা বলেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে। তবে ব্যক্তির কর্মকাণ্ডের দায় কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর চাপানো যাবে না।’ ন্যায়বিচারের পাশাপাশি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা।
মানববন্ধনে মো. নাহিদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারী ও তার দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অভিযোগ প্রকাশ্যে আসার কারণে ওই নারী যেন নতুন করে হুমকি বা হয়রানির শিকার না হন, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’
ভুক্তভোগী সুমা আক্তার অভিযোগ করেন, ‘রাজন বণিক বিয়ের আগে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে আমরা গোপনে বিয়ে করি। বিয়ের কয়েক বছর পর জানতে পারি, রাজন হিন্দু ধর্মাবলম্বী। তার আগের বৈবাহিক সম্পর্ক নিয়েও আমার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।’
তিনি জানান, ‘আমাদের সংসারে সাত বছর বয়সী একটি ছেলে ও ১৮ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। রাজন বড় সন্তানের পিতৃত্ব স্বীকার করলেও ছোট সন্তানের পিতৃত্ব অস্বীকার করছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ছোট সন্তান গর্ভে আসার পর থেকে আমার ওপর নির্যাতন বাড়তে থাকে। একপর্যায়ে তিনি সংসারের খরচ দেওয়া বন্ধ করে দেন। সন্তান জন্মের পর যোগাযোগও বিচ্ছিন্ন করেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ভাড়া বাসায় থাকছি। সন্তানদের ভরণপোষণও দেওয়া হচ্ছে না।’
সুমা আরও বলেন, ‘মুঠোফোনে আমাকে নিয়মিত হুমকি ও অপমান করা হচ্ছে। আমার ২৫ ভরি রুপা ও তিন ভরি স্বর্ণ রাজন নিজের কাছে রেখে আর ফেরত দেননি। এ ছাড়া আমার মায়ের কাছ থেকে ১১ আনা স্বর্ণ এবং ধান ব্যবসার কথা বলে দেড় লাখ টাকা নেওয়া হয়েছিল। এসব সম্পদ ফেরত চাইলে আমাকে অপমান করা হয়।’
তিনি আরও অভিযোগ করেন, ‘২০২২ সাল থেকে রাজনের সঙ্গে বাহাদিয়া মীরাট্টাক এলাকার মীম নামে এক নারীর সম্পর্ক রয়েছে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও আমার কাছে রয়েছে।’
অভিযোগের বিষয়ে রাজন বণিক বলেন, ‘ধান ব্যবসা ও সুদের টাকা লেনদেনের আর্থিক দেনা-পাওনা আমার মায়ের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। ছোট সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ ও পারিবারিক জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বড় সন্তানকে নিজের সন্তান হিসেবে স্বীকার করি। মীম নামে এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ পুরোনো বিষয় ও ভুল বোঝাবুঝি। মানববন্ধনে উত্থাপিত অন্য অভিযোগগুলোও অপ্রাসঙ্গিক।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আনসার উল্লাহ সজীব, মাওলানা নুরুল ইসলাম, মুফতি শাহাদাত হোসেন, মিজান মিয়া, মানিক মিয়া ও হাফেজ নাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কেকে/ এসএমএন