ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার সহসভাপতি বদিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার রোহিতপুর বাজারে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান আলম এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে কী মামলায় বা কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদিউল আলম রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি সরকারি ইস্পাহানি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ‘আটক ব্যক্তি থানা আওয়ামী লীগের সহসভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
কেকে/ এসএমএন