পাহাড়ের মাটিরও স্মৃতি আছে। সেই স্মৃতিতে মিশে থাকে পূর্বপুরুষের পদচিহ্ন, বসতির আদিম ইতিহাস, জুমের ফসল, ঝরনার জল আর বংশপরম্পরায় বেঁচে থাকার আকুতি। একটি পাহাড়ি পরিবারের কাছে এক টুকরো জমি মানে শুধু সম্পদের হিসাব নয়; সেখানে জড়িয়ে থাকে শেকড়ের পরিচয়, জীবিকার অবলম্বন এবং আগামী প্রজন্মের আশ্রয়। অথচ সেই মাটির ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যখন মানুষকে বছরের পর বছর দপ্তরের বারান্দায় ঘুরতে হয়, পুরোনো নথির অসংগতি আর মালিকানার বিরোধে আটকে যায় জীবনের স্বাভাবিক গতি, তখন প্রশ্ন জাগে, পাহাড়ের মানুষের ভূমির নিশ্চয়তা দেবে কে?
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার শেকড় আজকের নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ঔপনিবেশিক শাসনের রেখে যাওয়া প্রশাসনিক , ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, পরবর্তী ভূমিনীতি, জনবসতির পরিবর্তন এবং দীর্ঘদিনের প্রথাগত অধিকার। সমতলের জমি পরিমাপ ও মালিকানা নির্ধারণের প্রচলিত পদ্ধতির সঙ্গে পাহাড়ের ভূমিব্যবস্থার বিস্তর পার্থক্য রয়েছে। এখানে মৌজা, হেডম্যান, কারবারি, প্রথাগত ব্যবহার এবং স্থানীয় সামাজিক রীতির একটি নিজস্ব কাঠামো গড়ে উঠেছে। রাষ্ট্রীয় আইন ও সেই ঐতিহ্যগত ব্যবস্থার মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় ভূমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে বহুমুখী জটিলতা। একই জমিতে একাধিক দাবিদার, পুরোনো দলিলের অসংগতি, সীমানা নিয়ে বিরোধ এবং দীর্ঘদিনের ভোগদখলের স্বীকৃতি না পাওয়ার মতো ঘটনা মানুষের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলছে।
কোনো পরিবার প্রজন্মের পর প্রজন্ম একটি পাহাড়ি ঢালে বসবাস করছে, কোথাও জুমচাষের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছে, কোথাও বনের ওপর নির্ভর করে টিকে আছে। এসব ব্যবহারের সঙ্গে তাদের সামাজিক ঐতিহ্য ও জীবনদর্শন জড়িয়ে রয়েছে। অথচ ভূমির অধিকার নির্ধারণে যখন শুধু কাগজপত্রের হিসাব মুখ্য হয়ে ওঠে, তখন বহু পুরোনো বাস্তবতা নথির বাইরে পড়ে থাকে। যে মানুষটির জীবনের অধিকাংশ সময় কেটেছে একটি নির্দিষ্ট ভূমিতে, প্রয়োজনীয় দলিলের অভাবে সেই মানুষটিকেই কখনো নিজের বসতির অধিকার নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়। এই বাস্তবতা কোনো সুস্থ ভূমি ব্যবস্থাপনার পরিচয় বহন করে না। ভূমি জরিপের দুর্বলতাও সংকটকে দীর্ঘায়িত করছে।
দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, অপর্যাপ্ত জরিপ কার্যক্রম, পুরোনো রেকর্ড এবং জমির সীমানা নির্ধারণে অস্পষ্টতা নানা বিরোধের জন্ম দিচ্ছে। কোথাও বসতভিটার সীমানা নিয়ে দ্বন্দ্ব, কোথাও কৃষিজমির মালিকানা নিয়ে বিরোধ, আবার কোথাও বনভূমি ও ব্যক্তিগত জমির সীমারেখা নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। এসব দুর্বলতার সুযোগে জাল দলিল, অবৈধ দখল এবং প্রভাবশালী মহলের স্বার্থসংশ্লিষ্ট তৎপরতার অভিযোগও উত্থাপিত হয়। ভূমির প্রকৃত অধিকারী যদি নিজের জমির নিরাপত্তা নিয়ে সংশয়ে থাকেন, তবে সেই জনপদে সামাজিক আস্থা ও অর্থনৈতিক স্থিতি কীভাবে গড়ে উঠবে?
১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে ভূমি বিরোধ নিষ্পত্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল। এর ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয়। দীর্ঘদিনের বিরোধ নিরসনে এই কমিশনকে ঘিরে পাহাড়ের মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু কমিশনের কার্যক্রম, বিধিমালা, প্রশাসনিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। বিরোধ নিষ্পত্তির একটি প্রতিষ্ঠান থাকলেই মানুষের ভোগান্তি শেষ হয় না; তার কার্যক্রমে গতি, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা থাকতে হয়। বছরের পর বছর আবেদন ঝুলে থাকলে মানুষের মনে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ে। ভূমি নিয়ে অপেক্ষারও যে একটি নির্মম মূল্য আছে, তা ভুক্তভোগী পরিবারগুলো ছাড়া আর কে অনুভব করবে?
পাহাড়ে উন্নয়ন কর্মকাণ্ডের প্রসার ঘটছে। সড়ক, পর্যটনকেন্দ্র, সরকারি স্থাপনা, কৃষি সম্প্রসারণ ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য ভূমির প্রয়োজন হচ্ছে। উন্নয়নের প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু উন্নয়নের মানচিত্র আঁকতে গিয়ে স্থানীয় মানুষের বসতি, প্রথাগত অধিকার ও জীবিকার বিষয়টি উপেক্ষিত হলে সেই অগ্রযাত্রা প্রশ্নবিদ্ধ হয়। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মানুষের মতামত গ্রহণের বিষয়গুলো নিশ্চিত করতে হবে। কোনো পরিবারকে তার দীর্ঘদিনের বসতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সহজ, কিন্তু সেই পরিবারের শেকড় উপড়ে যাওয়ার বেদনা কোনো ক্ষতিপূরণের অঙ্কে পরিমাপ করা যায় না।
এই সংকটের আরেকটি অনুচ্চারিত দিক হলো নারীর ভূমি অধিকার। পারিবারিক উত্তরাধিকার, বসতভিটার নিরাপত্তা কিংবা সম্পত্তিসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অনেক নারী এখনো নানা সামাজিক ও আইনি প্রতিবন্ধকতার মুখোমুখি হন। আর্থিক অসচ্ছলতা, আইনি জ্ঞানের অভাব এবং সামাজিক অবস্থান তাদের অধিকার প্রতিষ্ঠার পথ আরও কঠিন করে তোলে। ভূমি ব্যবস্থাপনায় নারীর ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত না হলে একটি বড় জনগোষ্ঠীর অধিকার অসম্পূর্ণ থেকে যাবে।
এ অবস্থা থেকে উত্তরণে প্রথম প্রয়োজন পার্বত্য অঞ্চলের ভূমির নির্ভুল ও আধুনিক জরিপ। পুরোনো রেকর্ড যাচাই, ডিজিটাল ভূমি তথ্যভান্ডার তৈরি এবং প্রকৃত দখল ও মালিকানা শনাক্তকরণে স্বচ্ছ পদ্ধতি চালু করতে হবে। প্রথাগত অধিকার ও রাষ্ট্রীয় আইনের মধ্যে সমন্বয় ঘটিয়ে স্থানীয় বাস্তবতাকে যথাযথ মর্যাদা দিতে হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি অভিযোগকারীদের সহজ আইনি সহায়তা এবং নির্ধারিত সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা প্রয়োজন। একইসঙ্গে অবৈধ দখল ও জালিয়াতির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাহাড়ের মাটি নিয়ে বিরোধ চলতে থাকলে তার অভিঘাত একসময় বসতির সীমানা ছাড়িয়ে সমাজের গভীরে পৌঁছাবে। মানুষের মনে জমবে ক্ষোভ, বাড়বে অবিশ্বাস, ব্যাহত হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। রাষ্ট্রের কাছে পাহাড়ের মানুষের প্রত্যাশা খুব বেশি কিছু নয়; তারা চায় নিজেদের বসতিতে নিরাপত্তা, পূর্বপুরুষের ভূমিতে ন্যায্য অধিকার এবং আইনের কাছে সমান মর্যাদা। এই প্রত্যাশা পূরণে আর দীর্ঘ অপেক্ষা নয়। কারণ, পাহাড়ের মানুষের পায়ের নিচের মাটিটুকু যদি অনিশ্চিত থাকে, তবে তাদের ভবিষ্যতের স্বপ্নও বারবার হোঁচট খাবে। যে রাষ্ট্র মানুষের ভূমির অধিকার নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের উন্নয়নের প্রতিশ্রুতিও একসময় পাহাড়ের মানুষের কাছে অর্থহীন হয়ে পড়ে।
লেখক : কলামিস্ট
কেকে/সাশ