নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি (চৌকিদার বাড়ি) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল নোয়াখলা ইউনিয়নের পূর্বাঞ্চল শ্রমিকদলের নেতা ছিলেন। তিনি উপজেলার শিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই মধ্যে গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয়দের দাবি, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান।
বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।
কেকে/ এসএমএন