বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
জাতীয়
জলবায়ু অভিযোজনে আন্তর্জাতিক অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান, সহজ শর্তে অর্থায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং ঋণ-ত্রাণ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সামনের সারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান ০ দশমিক ৫ শতাংশেরও কম। এরপরও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

'সবার আগে বাংলাদেশ' দর্শনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়নের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশে প্রায় ৩০০টি লিড (এলইইডি) সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের লক্ষ্য রয়েছে।

উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান আন্তর্জাতিক অর্থায়ন কাঠামো উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এ পরিস্থিতি মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু-সহনশীল ঋণ ধারা ও ঋণের বিনিময়ে জলবায়ু সুরক্ষা কার্যক্রম চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়ানো এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য 'বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম' গ্রহণ।

প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে হবে।

ভাষণের শেষাংশে একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসা প্রয়োজন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বৈশ্বিক সংহতি জোরদার এবং ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে সম্মিলিতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  জলবায়ু অভিযোজন   প্রধানমন্ত্রী   কপ ৩১  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close