নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে রাসেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা তাকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানান, ‘শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটি তল্লাশি করে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। পুরোনো লেপ-তোশক দিয়ে মরদেহটি ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি লোহার রডও উদ্ধার করেছে পুলিশ।’
নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কেকে/ এসএমএন