বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
রাজনীতি
দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও অস্থিতিশীলতা তৈরি করে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে অর্থ পাচার ও বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, যখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে যায় এবং সামনে কোনো পথ খোলা থাকে না, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ওই দিন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সাল এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

স্বাধীনতা-পরবর্তী সময় এবং বিগত দেড় দশকের শাসনামলের তুলনা করে তিনি বলেন, অতীতে একদলীয় শাসন, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দেওয়ার কারণেও সাধারণ মানুষ ও নারীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশে যেন আবারও সেই ভয়ের সংস্কৃতি ফিরে না আসে, সে জন্য স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিগত আমলের শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকার সমালোচনা করে রিজভী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, সে সময় প্রাথমিক বিদ্যালয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন হয়েছে। পাশাপাশি পাঠ্যপুস্তকে মনগড়া ইতিহাস যুক্ত করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।

ইতিহাসের বিভিন্ন উদাহরণ টেনে তিনি বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে যেমন অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশেও তেমনি অনেক পরিচিত বুদ্ধিজীবী বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন।

স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, প্রকৃত শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিবেক, মনুষ্যত্ব এবং দুঃসময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার সার্থকতা নিহিত।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তাঁর রাজনৈতিক ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ১৯৬৯-৭০ সালে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আগেই ড. মাহবুব উল্লাহর তৎকালীন ছাত্রসংগঠন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পরিকল্পিতভাবে নৈরাজ্য   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close