মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি দীপু রবিদাস ওরফে দুর্ভককে (৬৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলার কুলাউড়া উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা বাজারে নূপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দীপু রবিদাস মৌলভীবাজারের রাজনগর চা বাগানের দক্ষিণ সোনাতলা এলাকার বাসিন্দা। তিনি মৃত মাধব রবিদাসের ছেলে। রাজনগর থানার হত্যা মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। রাজনগর থানার মামলা নম্বর ১৪, তারিখ ২২ মার্চ ২০১৩, জিআর-৫৩/১৩ এবং দায়রা মামলা নম্বর ৫০৭/২০১৪-এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কেকে/ এসএমএন