পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ নেন। মানববন্ধন থেকে মহান মুক্তিযুদ্ধের সূর্যসন্তানদের সম্মান ও মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
এর আগে, জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ব্যানারে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, ইউনুস আলী, শহীদ গোলাম কিবরিয়া, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, শামসুল হক, ইলিয়াস হোসেন, কান্তি ভূষণ কুণ্ড এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান আল আমীন প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। তাদের আত্মত্যাগ ও অবদানের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। অথচ একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। মহান মুক্তিযুদ্ধের সূর্যসন্তানদের প্রতি কোনো ধরনের অসম্মানজনক আচরণ মেনে নেওয়া যায় না।
এ সময় পিরোজপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান তারা।
কেকে/এমএস