মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রায় ৪০০ বছরের পুরোনো একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের তালা ও সিটকানি ভেঙে দুষ্প্রাপ্য পাথরের বিগ্রহ, পিতলের মূর্তি, স্বর্ণালংকার ও রুপার সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত।
বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মন্দিরটিতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে বিষয়টি নজরে আসে।
মন্দিরের মালিক ও পুরোহিত স্বপন চক্রবর্তী জানান, বুধবার রাত ৮টার দিকে পূজা ও কীর্তন শেষে মন্দিরে তালা লাগিয়ে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার স্ত্রী পূজা দিতে এসে মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে কাছে গিয়ে তালা ও সিটকানি ভাঙা অবস্থায় দেখতে পান। মন্দিরের ভেতরে প্রবেশ করে বিগ্রহ ও অন্যান্য সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
পুরোহিতের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পিতলের তৈরি চারটি গোপাল বিগ্রহ, ভারতের বৃন্দাবনের গোবর্ধন পর্বতের পাথরে নির্মিত একটি দুষ্প্রাপ্য গিরিধারী বিগ্রহ এবং রাধাকৃষ্ণের দুটি বড় মূর্তির প্রায় ১৪ ভরি ওজনের সোনার প্রলেপ দেওয়া রুপার মুকুট। এ ছাড়া বিভিন্ন বিগ্রহের কপালে থাকা সাত-আটটি সোনার টিপ এবং অন্য একটি রাধাকৃষ্ণ মূর্তির কপাল থেকে আরও দুই-তিনটি সোনার টিপ নিয়ে গেছে চোরেরা।
স্বপন চক্রবর্তী বলেন, ‘গোবর্ধন পর্বতের পাথরে তৈরি গিরিধারী বিগ্রহটি অত্যন্ত দুষ্প্রাপ্য। সাধারণ বাজারে এটি পাওয়া যায় না। বিগ্রহটির ধর্মীয় ও ঐতিহ্যগত গুরুত্ব অর্থমূল্যে নির্ধারণ করা সম্ভব নয়।’
তিনি আরও জানান, ‘গত রোববার মন্দিরে কালীপূজা উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। তবে ওই সময় সন্দেহজনক কেউ এসেছিল কি না, তা তিনি নিশ্চিত নন।’
চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহম্মেদসহ পুলিশের একটি দল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মহম্মদপুর থানার ওসি এম শামীম আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। মন্দিরের পুরোহিত থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এরই মধ্যে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।’
প্রায় চার শতাব্দীর পুরোনো মন্দির থেকে দুষ্প্রাপ্য বিগ্রহ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরি হওয়া সামগ্রী দ্রুত উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কেকে/ এসএমএন