চাকরি থেকে অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। কিন্তু শিশুদের নিয়ে স্বপ্ন দেখা থামেনি তার। শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, ভালোবাসা আর মানবিক দায়বদ্ধতা থেকে নিজের পেনশনের টাকা ও ব্যক্তিগত সম্পদ ব্যয় করে শিশুদের জন্য গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক শিক্ষণ ও বিনোদন কেন্দ্র। তার নাম দিয়েছেন ‘প্রকৃতির পাঠশালা’।
জানা যায়, নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে অবসরের পরও সমাজ ও নতুন প্রজন্মের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চাঁচাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২১ সালে অবসরে যান শামসুর রহমান। এরপর শিশুদের মানসিক বিকাশ, নির্মল আনন্দ ও প্রকৃতির সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে নিজের বাড়ির আঙিনায় গড়ে তোলেন এই ব্যতিক্রমী আয়োজন।
শিক্ষক শামসুর রহমান খোলা কাগজকে জানান, পৈতৃক সূত্রে পাওয়া ৯০ শতাংশ জমিতে ‘প্রকৃতির পাঠশালা’ প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। পেনশনের অর্থের পাশাপাশি ধান ও আম বিক্রির টাকাও ব্যয় করেছেন তিনি। ২০২৪ সালে যাত্রা শুরু করা এই বিনোদন কেন্দ্রে শিশুদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
এখানে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ, শিশুদের খেলাধুলার জন্য দোলনা সহ অনেক সরঞ্জাম, রয়েছে একটি সুন্দর পরিবেশে পুকুরঘাট। সেখানে রয়েছে কুমির, বাঘ-সিংহসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। খেলাধুলার পাশাপাশি শিশুরা এখানে প্রকৃতি, ফুল, ফল ও প্রাণিজগৎ সম্পর্কে জানার এবং বিলপ্ত কৃষি যন্ত্রপাতি উপকরণ চেনার সুযোগ পাচ্ছে।
প্রতিদিন বিকালে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশুদের পাশাপাশি অভিভাবক ও গৃহিনীরাও ছুটে আসেন এই শিশু উদ্যাণে। ঈদ ও পূজার মতো উৎসবে বাড়ে দর্শনার্থীদের ভিড়।
শামসুর রহমানের কাছে এটি নিছক একটি শিশুপার্ক নয়; বরং শিশুদের জন্য একটি আনন্দময় পরিবেশ তৈরির স্বপ্ন। তার বিশ্বাস, শিশুর মানসিক বিকাশের জন্য শুধু পাঠ্যবইয়ের শিক্ষা যথেষ্ট নয়। প্রয়োজন খেলাধুলা, প্রকৃতির সান্নিধ্য, সৃজনশীলতা ও নির্মল আনন্দ।
অবসরের পরও সেই অভ্যাস ধরে রেখেছেন। প্রতিদিন নিজেই বাগানের পরিচর্যা করেন, পরিষ্কার রাখেন পুরো এলাকা এবং সময় কাটান শিশুদের সঙ্গে।
বর্তমান সময়ে যখন শিশুদের একটি বড় অংশ মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদনে অভ্যস্ত হয়ে পড়ছে, তখন শামসুর রহমানের এই উদ্যোগ যেন এক ভিন্ন বার্তা দিচ্ছে।
প্রকৃতির সঙ্গে পরিচিত হয়ে, খেলাধুলার মধ্য দিয়ে এবং আনন্দের পরিবেশে শিশুরা যে অনেক কিছু শিখতে পারে, তারই বাস্তব উদাহরণ এই ‘প্রকৃতির পাঠশালা’।
একজন শিক্ষক তার জীবনের সঞ্চয় ও সম্পদের একটি বড় অংশ ব্যয় করেছেন শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য। বিনিময়ে চান না কোনো প্রবেশমূল্য, চান না কোনো আর্থিক প্রতিদান।
শিক্ষকতা থেকে তিনি অবসর নিয়েছেন, কিন্তু শিশুদের জন্য তার শিক্ষাদান ও মানবিক দায়িত্ববোধের অবসর হয়নি। সত্যিই, এমন মানুষরাই সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেন।
কেকে/ এমএস