ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত এক সপ্তাহে ২৭ হাজার ৭০০টি আবেদন ফরম বিক্রি হয়েছে। ডিএসসিসির ১০টি জোন থেকেই ফরম বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএসসিসির রাজস্ব কর্মকর্তা (বাজার ও বিবিধ রাজস্ব পরিবীক্ষণ) আতাহার আলী খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ব্যাটারিচালিত রিকশা সিটি করপোরেশন এলাকায় চলাচল করতে পারবে না।
গত ৫ নভেম্বর থেকে ডিএসসিসি এলাকায় নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। নগর ভবন ও সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়গুলো থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফরম সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম নিতে পারবেন।
জানা গেছে, তবে ফরম সংগ্রহ করলেই অটোরিকশা নিবন্ধন কিংবা সড়কে চলাচলের অনুমতি মিলবে না। নিবন্ধনের জন্য আবেদনকারীকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। অটোরিকশার কারিগরি মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় কারিগরি ছাড়পত্র নিতে হবে। পাশাপাশি ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য যানবাহনকে নিবন্ধন সনদ দেওয়া হবে।
নতুন বিধিমালায় ২-৪ জন যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার কথা বলা হয়েছে। এসব যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। দুই যাত্রী ধারণক্ষমতার রিকশার এককালীন নিবন্ধন ফি আট হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর।
এদিকে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি জোনের সীমানা, চলাচলের রুট ও যানবাহনের সংখ্যা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত মডেলে অটোরিকশা তৈরি, মেরামতের জন্য ওয়ার্কশপ ও অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যাটারি চার্জ বন্ধে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কেকে/এমএ