কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসহ দুইজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া একজন পলাতক আসামি এবং মাদক সেবনের অপরাধে আরও দুইজন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ৮টা ৪৫ মিনিটের দিকে এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের উত্তর পাশে একটি বন্ধ গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল করিম (১৯) ও অন্তর (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার এসআই সুজন কুমার আচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. এরশাদ মিয়াকে (৫৭) গ্রেপ্তার করেন। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা এলাকার বাসিন্দা।
এ ছাড়া একই দিন এসআই মো. শামীম হোসেন ও এসআই মাহতাব হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে মহসিন আলম (৩০) ও সুরুজ মিয়া (৫৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এসএমএন