জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির বান্দরবান জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপির নেতারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
বক্তারা বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও সাধারণ মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে।
তাদের অভিযোগ, বোমা হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এনসিপি নেতারা।
এনসিপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক মং সা প্রু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সদস্যসচিব গোলাম মোস্তফা আসাদ, যুগ্ম আহ্বায়ক বিনয় জ্যোতি চাকমা ও শার্লি মৈ শে প্রু, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেকে/এমএস