দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উপজেলা পর্যায়েই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উত্তরাধিকারসূত্রে স্বাস্থ্য খাতের যে বেহাল অবস্থা পাওয়া গেছে, সারা দেশেই প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও জনবল সংকট, কোথাও যন্ত্রপাতি নষ্ট। আবার অনেক জায়গায় যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নেই।
তিনি আরও বলেন, অনেক জায়গায় মেডিকেল কলেজ স্থাপন করা হলেও সেখানে নিজস্ব ক্যাম্পাস তৈরি করা হয়নি। উন্নয়নের নামে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত কার্যক্রম ও সঠিক উদ্যোগ।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস