ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হবে আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দেশের ষষ্ঠ আন্তর্জাতিক বিমানবন্দর হলেও তৃতীয় অবস্থানে থাকবে বলে সূত্র নিশ্চিত করেছে। ঢাকা এবং চট্টগ্রামের পরই ত্রিশাল আন্তর্জাতিক বিমানবন্দর গুরুত্ব পাবে। আবার কোনো কারণে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় অবস্থানেও থাকতে পারে। তখন ময়মনসিংহের ত্রিশাল চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্ব পাবে। ময়মনসিংহ বিভাগবাসীর বহুল কাঙ্ক্ষিত ত্রিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রাথমিক ঘোষণার খবরে উৎফুল্ল হয়েছেন সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান।
জানা যায়, ময়মনসিংহের ত্রিশালের আগে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ শুরু হবে। এ জন্য দ্রুত এগিয়ে চলছে প্রথম ধাপের কাজ। নির্মাণ কাজ শেষে ত্রিশাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে কমপক্ষে ১২ বছর সময় লাগবে। প্রয়োজন ২ হাজার একর জমি। সরকার এরই মধ্যে সমীক্ষার কাজ শুরু করেছে। নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠান।
সূত্র জানায়, ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ বিএনপি সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। পতিত আওয়ামী লীগ সরকার ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়ার ১ বছরের মাথায় পিছু হটে। কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের বিরোধিতার কারণে তখন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে এর সুফল ভোগ করবে দেশের প্রতিষ্ঠিত ভারী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। পাল্টে যাবে ময়মনসিংহ বিভাগসহ আশপাশের কয়েকটি জেলার অর্থনৈতিক অবস্থা। কর্মসংস্থান হবে লাখো মানুষের।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেছেন, ত্রিশালে বিমানবন্দর নির্মাণের বিষয়ে এরই মধ্যে পরামর্শক নিয়োগ দিয়ে সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে– এ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এটি অনেক বড় এবং জটিল একটি পরিকল্পনা। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ত্রিশাল আসনের এমপি ডা. মো. মাহাবুবুর রহমান লিটন সভাপতিত্ব করেন।
পরে মন্ত্রী একই বিষয় নিয়ে ময়মনসিংহে জেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একই কথা বলেন। এ সময় ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়া বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গেছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য পণ্য পরিবহনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ায় প্রকল্পের কাজ শুরুর পর ২ বছর সময় নিয়ে ময়মনসিংহের ত্রিশালের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পরবর্তী উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে। বিমানবন্দর নির্মাণের সঙ্গে বিপুল কর্মযজ্ঞ, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত। দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তা আমার জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগ রয়েছে।
কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটকদের যাতায়াত বাড়ানোর লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার ব্যাপক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এ সব অঞ্চলের চিকিৎসক সঙ্কটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সঙ্কট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য বড় পরিসরে কাজের প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নকাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, নজরুল বর্ষ ঘোষণা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তুলতে মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী দেশের বিনিয়োগ, বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন ও শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশে গাড়ি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও গ্যাস অনুসন্ধানসহ বড় বড় বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা বিস্তার ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কেকে/ এমএস