ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবুর মুক্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার থেকে মিছিলটি শুরু হয়ে রিং রোড, তাজমহল রোডসহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি মার্কার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন।
এ সময় নেতাকর্মীরা লিটন মাহমুদ বাবুর মুক্তির দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় বর্তমান সময়ে তাকে কেন গ্রেপ্তার করা হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা গ্রেপ্তারের কারণ স্পষ্ট করার পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
নেতাকর্মীরা বলেন, বাবু দীর্ঘদিন যাবত বিএনপির সংগঠনের সাথে যুক্ত। অতি বিলম্বের তাকে মুক্তি দেওয়া হোক। মানুষ ভুলের উর্ধ্বে না, তারও হয়তো কোনো ভুল ছিলো। তার মত একজন ত্যাগী নেতাকে জেলে রাখার কোনো যুক্তি নেই।
উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরে নাম বাবু’কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কেকে/ এমএস