চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ফাতেমা জাহান মিতি (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিন সৌদিয়া এলাকায় বাবার বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিতি এলাকার মো. হারুনের মেয়ে। স্বামী প্রবাসে থাকায় তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই থাকতেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মিতি। বৃহস্পতিবার সকালে নাস্তার সময় তিনি কক্ষ থেকে বের না হলে তার মা ডাকতে যান। এ সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মেয়েকে ঝুলে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিলে তিনি মিতিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের দাবি, মিতি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ