খুলনার রূপসা উপজেলায় শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শেখ জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকার হিরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে আসে। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র এবং রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ মাসুম খান জানান, ফকিরহাট ও রূপসা থানার মাঝামাঝি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা উদঘাটনে পুলিশের একাধিক দল তদন্ত করছে।
কেকে/ এমএস