শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
রাজনৈতিক বিভাজনের সুযোগ নিচ্ছে আ.লীগ
শিপার মাহমুদ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১২ এএম

সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমেই বাড়ছে দূরত্ব। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকা দলগুলোর মধ্যেও নানা ইস্যুতে তৈরি হচ্ছে মতবিরোধ। সরকার ও বিরোধী দলের নেতারা একে অন্যকে নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ দেশকে আবারও সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

নুসরাতের দাবি, তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি।

এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

তবে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সম্মিলিত অবস্থান দেখা যাচ্ছে না। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে রাজপথে সক্রিয় না দেখা যাওয়ায় বিএনপির নেতাদের সমালোচনার মুখে পড়েছে দলটি। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান না আসা পর্যন্ত তারা রাজপথে নামবে না। ফলে রাজনৈতিক বিভাজনের মধ্যে সহিংস পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক ঐক্য ধরে রাখা না গেলে তার সুযোগ নিবে পতিত আওয়ামী লীগ। সাম্প্রতিক হামলা, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা জরুরি। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও দূরত্ব কমানো না গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

কোনোরকম যদি-কিন্তু-অথবা ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদা) মো. ফারুক হাসান। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
 
ফেসবুক পোস্টে ফারুক হাসান লেখেন, ‘কোনো যদি-কিন্তু-অথবা ছাড়াই বিএনপি-জামায়াত-গণঅধিকার-এনসিপি এর মধ্যে ঐক্য লাগবেই। দেশের প্রশ্নে আমাদের একতাবদ্ধ থাকতেই হবে।’

নুসরাতের বাড়িতে আগুন ঘটনায় উত্তপ্ত রাজনীতি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির গবাদিপশু রাখার একটি ঘরে আগুন লাগে। কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয় এবং ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নুসরাত তাবাসসুমের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এ ঘটনা ঘটিয়েছে। এর জন্য তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন। 

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’ 

নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকার বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের নিজেদের পথ দেখতে হবে।’ সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। দুই দিন আগেও মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে।

তবে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংসদে বিরোধী দলের অভিযোগের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাড়িটিতে আগুন লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং ওয়্যারিং পুরোনো হওয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’ গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন তুলেছেন নুসরাত তাবাসসুম। 

পোস্টে তিনি লিখেছেন, ‘বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী। পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল। আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে। সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজনৈতিক বিভাজন   আওয়ামী লীগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close