শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
সবজির স্বস্তিতে ঊর্ধ্বমুখী চাল
শরীফ আহমেদ ইমন
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

শীতের সবজির আগমনে রাজধানীর কাঁচাবাজারে যখন স্বস্তির হাওয়া বইছে, ঠিক তখনই সাধারণ মানুষের চোখ রাঙাচ্ছে চালের বাজার। বাজারে বিভিন্ন শীতকালীন সবজির দাম সহনীয় পর্যায়ে নামলেও, উল্টো পথে হাঁটছে চালের দাম। চালের চড়া দামে নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস চরমে পৌঁছেছে। সবজির স্বস্তিটুকু ম্লান হয়ে গেছে চালের বাজারের উত্তাপে, যা যেন সাধারণ ক্রেতার গলার কাঁটা হয়ে বিঁধছে। 

বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজিতে সয়লাব রাজধানীর প্রতিটি কাঁচাবাজার। ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম ও নতুন আলুর সরবরাহ বাড়ায় ক্রেতারা আগের তুলনায় বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাগ ভরে সবজি কিনতে পারছেন। অনেক দিন পর সবজির বাজারে কিছুটা স্বস্তি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। 

তবে এই স্বস্তির ঠিক বিপরীত চিত্র দেখা গেছে বাঙালির প্রধান খাদ্যপণ্য চালের বাজারে। বাজারে চিকন, মাঝারি কিংবা মোটা—সব ধরনের চালই চড়া দামে বিক্রি হচ্ছে। সাধারণত এই সময়ে নতুন ধান ও চাল বাজারে আসার কারণে দাম কিছুটা কমার কথা থাকলেও, বাস্তবে তার কোনো প্রভাব নেই। খুচরা বাজারে অতিরিক্ত দামে চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই দুইমুখী আচরণে চরম বিপাকে পড়েছেন দেশের স্বল্প আয়ের মানুষ। বাজার সংশ্লিষ্টদের মতে, সবজির বাজারে সাময়িক স্বস্তি এলেও চালের বাজারে কঠোর নজরদারি না বাড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রার এই ‘গলার কাঁটা’ দূর করা সম্ভব হবে না। 

১০০ টাকায় কী কী কিনতে পারবেন: 

তাজুল ইসলামের বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম। ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে আব্বাস আকন্দের সবজির দোকান থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এই দুই সবজি কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা। এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়। এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা। 

এই ক্রেতার কেনাকাটার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারের আরও কয়েকটি সবজির দোকান ঘুরে সবজির দরদামের খোঁজখবর নেওয়া হলো। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। এখন মূলত শীতের আগাম সবজি আসছে। এ কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিছুটা কমতে শুরু করেছে। 

বাজার ঘুরে দেখা যায়, বাজারে বর্তমানে প্রতি পিস বড় ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি ৩০—৩৫ টাকা, প্রতি কেজি মুলা ৪০—৫০ টাকা, শিম ৬০—৭০ টাকা ও বেগুন ৮০—১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

বাজারভেদে অবশ্য দামের পার্থক্য থাকে। যেমন গতকাল মোহাম্মদপুর কৃষি মার্কেটে মাঝারি ফুলকপির দাম ছিল প্রতিটি ৩৫ টাকা। টাউন হল বাজারে একই আকারের ফুলকপি বিক্রি হচ্ছিল ৪০—৪৫ টাকায়।
 
কৃষি মার্কেটের বিক্রেতা আব্বাস আকন্দ বলেন, ‘আমার এখানে ছোট আকারের ফুলকপির চাহিদা বেশি। বড় ফুলকপি কম এনেছিলাম। সব কটি বিক্রি হয়ে গেছে।’ 

হাতবদলের গ্যাঁড়াকলে চালের দাম: 

মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতে কোনো কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে অনুসন্ধানে এই চিত্র উঠে এসেছে। 

ধান থেকে চাল হওয়ার পর মিল, আড়ত ও পাইকারি বাজার পেরিয়ে খুচরা দোকানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে যোগ হয় নতুন খরচ। তবে কোন পর্যায়ে ঠিক কত টাকা খরচ হয় বা ব্যবসায়ীদের মুনাফা কত থাকে, তার কোনো স্পষ্ট হিসাব নেই। ফলে এই পুরো বাড়তি দামের আর্থিক চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাকেই বহন করতে হচ্ছে।

অথচ চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি, বাজারদর পর্যবেক্ষণ এবং খাদ্যশস্যের মজুত ব্যবস্থাপনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ ৯৬ হাজার ৪১৬ টন। চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২১ লাখ ৭ হাজার ৩৫২ টন। ভাসমান মজুতসহ এর পরিমাণ ২১ লাখ ১৭ হাজার ৩১৬ টন। এত মজুতের মধ্যেও খুচরা বাজারে চালের উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে দামের ব্যবধান নতুন করে প্রশ্ন তুলছে। 

বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু জাতের ধানের দাম মণপ্রতি ১০০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের দামে। মাঝারি চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চালের দামও ঊর্ধ্বমুখী। শুধু ধানের মূল্যবৃদ্ধি নয়; বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখাচ্ছেন মিলমালিক ও ব্যবসায়ীরা। 

শেরপুরের ব্যবসায়ীদের দেওয়া তথ্য বলছে, এক মাস আগে মাঝারি চালের কেজি ছিল ৪৫-৪৬ টাকা। বর্তমানে তা মানভেদে ৫০-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। সরু কাটারি চালের দাম আগে ছিল ৭৫-৭৬ টাকা। বর্তমানে মিল পর্যায়ে তা ৭৮-৭৯ টাকায় উঠেছে। খুচরা বাজারে একই ধরনের চাল কিনতে হচ্ছে ৮৪-৮৫ টাকায়।

ব্যবসায়ীদের হিসাবে, মাঝারি চাল মিলগেটের তুলনায় খুচরা পর্যায়ে কেজিতে ৪-৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরু চালের ক্ষেত্রে এই ব্যবধান ৫-৮ টাকা পর্যন্ত। অর্থাৎ ৩০ কেজির এক বস্তা চাল কিনতে মিলগেট ও খুচরা বাজারের দামের ব্যবধান দাঁড়াচ্ছে ১২০-২৪০ টাকা। 

একজন ক্রেতা মাসে ৩০ কেজি চাল কিনলে শুধু এই মূল্য ব্যবধানের সমপরিমাণ অর্থই তাকে বেশি গুনতে হয়। তবে দামের এই পার্থক্যের পুরোটাই ব্যবসায়ীর লাভ নয়। এর মধ্যে পরিবহন, শ্রমিক, বস্তা, দোকানভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় রয়েছে। 

চাল ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘মিল থেকে চাল কিনে বাজারে পৌঁছানো পর্যন্ত কয়েকটি পর্যায়ে খরচ হয়। পরিবহন, ওঠানো-নামানো, বস্তা ও দোকান পরিচালনার ব্যয় রয়েছে। এসব খরচের পর ব্যবসায়ীদেরও কিছু মুনাফা রাখতে হয়।’ 

চালের বাজারে এই অস্থিরতার সবচেয়ে বড় ধাক্কা লাগছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসারে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ এবং দিনমজুরদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। খাবারের তালিকা থেকে মাছ, মাংস কিংবা অন্য পণ্য কমানো সম্ভব হলেও চালের ব্যবহার কমানোর সুযোগ সীমিত। ফলে চালের দাম বাড়লে অন্য খরচ কমিয়ে সংসারের হিসাব মেলাতে হচ্ছে অনেক পরিবারকে। 

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম: 

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। মাছ ধরার নৌকাগুলোতে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। একইসঙ্গে উপকূলীয় মাছঘাটগুলোতে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা। 

তবে নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও স্বস্তি ফিরছে না সাধারণ ক্রেতাদের মধ্যে। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই ইলিশ কেনা এখনো সাধ্যের বাইরে। 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে অন্তত পাঁচ আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। ওজন ও প্রতি কেজিতে সংখ্যার ওপর ভিত্তি করেই নির্ধারিত হচ্ছে এসব মাছের দাম। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close