দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে চার দফায় প্রতি ভরিতে দাম কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
কেকে/ এমএস