শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরে হোম মেইড কেক ব্যবসায় সফল শতাধিক নারী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ আয়োজনে কেক এখন উদযাপনের অন্যতম অনুষঙ্গ। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কেকের চাহিদা এবং জনপ্রিয়তা পেয়েছে ঘরে তৈরি বিভিন্ন স্বাদের ও নকশার কেক। আর এই চাহিদাকে ঘিরেই ফরিদপুরে গড়ে উঠেছে নারীদের নতুন এক উদ্যোক্তা শ্রেণি। ঘরের রান্নাঘরে শখের বশে কেক তৈরি শুরু করে এখন অনলাইন ব্যবসায় সফল হচ্ছেন জেলার শতাধিক নারী। কেউ পড়াশোনার পাশাপাশি, কেউ সংসারের দায়িত্ব সামলিয়ে, আবার কেউ কেক তৈরির প্রশিক্ষণ দিয়ে অন্য নারীদেরও উদ্যোক্তা হওয়ার পথ দেখাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপকে কাজে লাগিয়ে অনেকেরই মাসিক বিক্রি দাঁড়িয়েছে কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত।

ফরিদপুরের এমনই একজন উদ্যোক্তা তাবাসসুম হোসাইন তিথলি। অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মা শামীমা নাসরিনকে সঙ্গে নিয়ে কেক ও ফ্রোজেন ফুড তৈরি করছেন। শখ থেকেই তাদের এই উদ্যোগের শুরু। প্রথম দিকে পরিবারের সদস্য ও পরিচিতজনদের জন্য কেক তৈরি করতেন তারা। ধীরে ধীরে পরিচিতজনদের প্রশংসা ও অর্ডার পেতে শুরু করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খুলে শুরু করেন বাণিজ্যিকভাবে কেক বিক্রি। মা-মেয়ের সম্মিলিত প্রচেষ্টায় এখন ব্যবসার পরিধি বেড়েছে। বর্তমানে প্রতি মাসে তাদের প্রায় ৫০ হাজার টাকার কেক বিক্রি হয়।

তিথলি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি নিজের কিছু করার ইচ্ছা থেকেই কেক তৈরির কাজ শুরু করি। শুরুতে বিষয়টি শখ হলেও ক্রেতাদের ইতিবাচক সাড়া পেয়ে এটিকে ব্যবসায় রূপ দেওয়ার সাহস পাই। এ কাজে মায়ের সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।’ ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নেওয়ার স্বপ্ন দেখেন তিনি।

সংসারের দায়িত্ব সামলেও নিজের পরিচয় ও আর্থিক সক্ষমতা তৈরি করা সম্ভব—তার উদাহরণ আয়শা সিদ্দিকা স্মৃতি। তিন সন্তানের এই মা সংসারের কাজের পাশাপাশি অনলাইনে কেক বিক্রি শুরু করেন। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় থেকেই তার এই যাত্রা। শুরু থেকেই এ কাজে স্বামীর সহযোগিতা পেয়েছেন তিনি। কেক তৈরির উপকরণ সংগ্রহ ও অর্ডার নেওয়া থেকে শুরু করে ব্যবসার বিভিন্ন কাজে স্বামীর উৎসাহ তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।

শুরুতে সীমিত পরিসরে কেক তৈরি করে পরিচিতজনদের কাছে বিক্রি করতেন স্মৃতি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতা বাড়তে থাকায় নিয়মিত অর্ডার নেওয়া শুরু করেন। বর্তমানে তার মাসিক কেক বিক্রির পরিমাণ প্রায় এক লাখ টাকা। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের উপার্জনে পরিবারের আর্থিক অবস্থায়ও অবদান রাখছেন তিনি।

আয়শা সিদ্দিকা স্মৃতি বলেন, ‘সংসার ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি নিজের একটি পরিচয় তৈরি করার ইচ্ছা থেকেই কাজটি শুরু করেছিলাম। স্বামীর উৎসাহ ও সহযোগিতা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এখন নিজের উপার্জন দিয়ে পরিবারে সহযোগিতা করতে পারা আমার কাছে বড় প্রাপ্তি।’

অন্যদিকে, শখকে পেশায় রূপ দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন নিলুফা ইয়াসমিন রত্না। ফরিদপুরের এই অভিজ্ঞ কেক উদ্যোক্তা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে কেক তৈরি করছেন। নিজের ব্যবসার পাশাপাশি নতুনদের হাতে-কলমে কেক তৈরির প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজেদের উদ্যোগ শুরু করার সুযোগ পাচ্ছেন।

বিভিন্ন অনুষ্ঠান ও বড় আয়োজনের কেকের অর্ডার নেন রত্না। এক দিনে সর্বোচ্চ ১০০ পাউন্ড কেক তৈরি করে প্রায় ৫০ হাজার টাকা বিক্রির রেকর্ড রয়েছে তার। এ ছাড়া এককভাবে ৬০ পাউন্ড ওজনের কেকও তৈরি করেছেন তিনি। বড় অর্ডার সামলাতে প্রয়োজন হয় পরিকল্পনা, দক্ষতা ও সময় ব্যবস্থাপনার।

নিলুফা ইয়াসমিন রত্না বলেন, ‘কেক তৈরির কাজকে শুধু ব্যবসা হিসেবে নয়, দক্ষতা ও সৃজনশীলতার জায়গা হিসেবেও দেখি। এখন নিজের কাজের পাশাপাশি অন্য নারীদের প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে তাঁরাও ঘরে বসে আয় করার সুযোগ পান।’

শখের বশে কেক তৈরি শুরু করেছিলেন গৃহিণী রহিমা সুলতানা রিদি। পরিবারের সদস্যদের জন্য কেক বানাতে বানাতেই তৈরি হয় দক্ষতা। পরে পরিচিতজনদের অনুরোধ ও আগ্রহ দেখে কেক বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্যোগের প্রচার শুরু করলে ধীরে ধীরে অর্ডার আসতে থাকে। বর্তমানে ঘরে বসেই নিয়মিত কেক তৈরি ও বিক্রি করছেন রিদি। প্রতি মাসে তার কেক বিক্রির পরিমাণ ২০ থেকে ২৫ হাজার টাকা।

রহিমা সুলতানা রিদি বলেন, ‘প্রথমে নিজের শখ পূরণের জন্য কেক তৈরি করতাম। পরে বুঝতে পারি, এই কাজের মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব। এখন ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের কেক তৈরি করছি এবং নিজের উপার্জনে সংসারে সহযোগিতা করতে পারছি।’

ফরিদপুরে ঘরে তৈরি কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে নারীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, অল্প পুঁজি ও নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে নারীরা এখন ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলছেন। এসব উদ্যোগকে টেকসই ও সম্প্রসারিত করতে উদ্যোক্তাদের নিবন্ধন, প্রশিক্ষণ এবং ঋণসহায়তার সুযোগ রয়েছে।

বিসিক ফরিদপুরের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বলেন, ‘ঘরে তৈরি খাদ্যপণ্য নিয়ে নারীদের উদ্যোগকে আমরা উৎসাহিত করছি। যারা কেক, পেস্ট্রি কিংবা অন্যান্য খাদ্যপণ্য তৈরি করে ব্যবসা করছেন, তাদের বিসিকের আওতায় নিবন্ধনের সুযোগ রয়েছে। নিবন্ধনের মাধ্যমে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক পরিচিতি পাওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন। এ ছাড়া উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিসিকের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও ঋণসহায়তা দেওয়া হয়।’

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ঘরে তৈরি খাদ্যপণ্যের বাজার এখন আগের চেয়ে অনেক বড় হয়েছে। বিশেষ করে নারীদের জন্য এই খাতে উদ্যোগ নেওয়ার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যবসা দীর্ঘস্থায়ী করতে পণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন, সঠিক মূল্য নির্ধারণ এবং ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি।

ফরিদপুরের এসব নারী উদ্যোক্তার গল্প বলছে, একটি ছোট উদ্যোগও হয়ে উঠতে পারে স্বাবলম্বী হওয়ার বড় মাধ্যম। প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণের সুযোগ পেলে ঘরের রান্নাঘরে শুরু হওয়া এসব উদ্যোগ একদিন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close