শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে মাদ্রাসার টাকা উত্তোলন নিয়ে অভিযোগ, তদন্তে সত্যতা মেলেনি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা আইডিয়াল আলিম মাদ্রাসার এফডিআর ও সাধারণ তহবিলের ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন নিয়ে ওঠা অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। তদন্তে ওই অর্থ ব্যাংকে জমা থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

জানা যায়, গত ১ অক্টোবর মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্ত অনুষ্ঠিত হয়। এতে অভিযোগকারী সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম উপস্থিত ছিলেন। তদন্ত শেষে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান প্রতিবেদনটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠান।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সাধারণ তহবিল ও এফডিআর থেকে গত ১৪ জুলাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম ও সভাপতি মো. মিজানুর রহমানের যৌথ স্বাক্ষরে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করা হয়। শিক্ষক-কর্মচারীরা এ অর্থ উত্তোলনকে বিধিবহির্ভূত বলে অভিযোগ করেন। পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার আলিম স্তর এমপিওভুক্তির জন্য স্বীকৃতি নবায়ন, জমির খাজনা-খারিজের কাগজপত্র ও এফডিআর প্রয়োজন হয়। আগের অধ্যক্ষের আকস্মিক মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এসব কাজ নতুন করে সম্পন্ন করতে হয়। মাদ্রাসার নিজস্ব তহবিলে এফডিআর করার মতো অর্থ না থাকায় তৎকালীন সভাপতি মো. মিজানুর রহমান মিজানের কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়ে গত ৫ ফেব্রুয়ারি অগ্রণী ব্যাংক সুন্দরগঞ্জ শাখায় মাদ্রাসার নামে তিন মাস মেয়াদি এফডিআর খোলা হয়। 

৫ মে এর মেয়াদ পূর্ণ হলে ৬ মে এফডিআরটি ভেঙে অর্থ মাদ্রাসার সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা হয়। পরে ৭ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে সভাপতির ঋণ পরিশোধ করেন। এ ছাড়া সাধারণ তহবিলের ৩০ হাজার টাকা ব্যাংকে জমা ছিল। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাদ্রাসার নামে নতুন করে ১ লাখ টাকার এফডিআর করেন। ব্যাংকের প্রত্যয়নপত্র অনুযায়ী, ওই এফডিআর বর্তমানে চলমান রয়েছে।

অভিযোগকারী সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘প্রতিষ্ঠানের এফডিআরে আগে কোনো টাকা ছিল না। মিজান সাহেব সভাপতি হওয়ার পর এক লাখ টাকা ধার দেন। সেই টাকাসহ আমরা শিক্ষক-কর্মচারীরা মিলে মাদ্রাসার নামে এফডিআর করি। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই টাকা উত্তোলন করেছেন। অভিযোগ দেওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবার এফডিআর করেছেন। অভিযোগ মূলত ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে, সভাপতি মিজান সাহেবের বিরুদ্ধে নয়।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ তাজুল স্যারের আকস্মিক মৃত্যুর পর মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। আলিম স্তর এমপিওভুক্তির জন্য স্বীকৃতি নবায়ন ও জমির খাজনা-খারিজের কাগজপত্র প্রয়োজন হয়। মাদ্রাসার এফডিআর ফান্ডে কোনো টাকাও ছিল না। পরে সভাপতির কাছ থেকে টাকা ধার নিয়ে তিন মাস মেয়াদি এফডিআর করা হয়। এফডিআরের মেয়াদ শেষ হওয়ায় টাকা উত্তোলন করে অন্য শিক্ষকদের সামনেই সভাপতির ধার নেওয়া টাকা পরিশোধ করি। পরবর্তী সময়ে প্রয়োজন হওয়ায় আবার এফডিআর করা হয়েছে। সেই এফডিআর বর্তমানে চলমান রয়েছে।’

এ বিষয়ে তৎকালীন সভাপতি মো. মিজানুর রহমান মিজান বলেন, ‘আমাকে এডহক কমিটির সভাপতি করা হয়েছিল। মাদ্রাসার এফডিআরে কোনো টাকা ছিল না। আমি এক লাখ টাকা ধার দিয়েছিলাম। সেই টাকায় এফডিআর করে মাদ্রাসার যাবতীয় কাজ করা হয়। পরে সেই টাকা উত্তোলন করে ধার পরিশোধ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল বিষয়টি নিয়ে উঠেপড়ে লেগেছে। তারা সমাজে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’

এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত করি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে মাদ্রাসার সাধারণ তহবিল ও এফডিআরে মোট ১ লাখ ৩০ হাজার টাকা অগ্রণী ব্যাংক সুন্দরগঞ্জ শাখায় জমা থাকার প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদনটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close