পটুয়াখালীর দশমিনায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দশমিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম শামীম এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনটির নেতাকর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করে জনমনে ভয়ভীতির সৃষ্টি করেন। এসব ঘটনায় পৃথক অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কেকে/ এমএস