গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে আরও কয়েকটি বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনি এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সংসদ সদস্যের গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি সুস্থ ও অক্ষত রয়েছেন।
এ ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।’
কেকে/ এসএমএন