শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সড়ক দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, মুদি দোকানে নতুন করে বাঁচার স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একটি সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছিল মো. হাসেম মিয়ার জীবন। ২০২৩ সালের সেই দুর্ঘটনায় হারান দুই পা। একসময় রিকশা চালিয়ে চার সদস্যের পরিবারের ভরণপোষণ করতেন তিনি। কিন্তু দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে তার জন্য। অবশেষে দেশ-প্রবাসের মানুষের সহযোগিতায় একটি মুদি দোকান পেয়েছেন তিনি। সেই দোকান ঘিরেই আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হাসেম মিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের সাতগাঁও বাজারে আনুষ্ঠানিকভাবে হাসেম মিয়ার হাতে একটি মুদি দোকান তুলে দেওয়া হয়। দেশ-প্রবাসের মানুষের সহযোগিতায় প্রয়োজনীয় পণ্যসামগ্রী দিয়ে সাজানো দোকানটি পেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে পরিবারের দায়িত্ব নেওয়ার নতুন সুযোগ পেয়েছেন তিনি।

ঘটনাটি ২০২৩ সালের। সড়ক দুর্ঘটনায় হাসেম মিয়ার দুটি পা হারানোর পর তার জীবনে নেমে আসে অনিশ্চয়তা। একসময় রিকশা চালিয়ে চার সদস্যের পরিবারের ভরণপোষণ করলেও দুর্ঘটনার পর কর্মহীন হয়ে পড়েন তিনি। শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারসংলগ্ন রেল কলোনির একটি ছোট্ট ঘরে সংসারের খরচ চালানো এবং সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল তার।

এমন পরিস্থিতিতে হাসেম মিয়ার পাশে দাঁড়ান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাদির জিলানী এবং নাজমুল হোসেন। তার অসহায়ত্বের কথা জানতে পেরে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত উদ্যোগে দেশ-প্রবাসের হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান।

তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশ-বিদেশের অনেক মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সম্মিলিত সেই উদ্যোগে প্রথমে হাসেম মিয়াকে একটি হুইলচেয়ার দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও মালামাল দিয়ে তার জন্য তৈরি করা হয় একটি মুদি দোকান।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাদির জিলানী বলেন, ‘দুর্ঘটনায় হারিয়ে যাওয়া দুটি পা হয়তো হাসেম ভাই আর কোনো দিন ফিরে পাবেন না। কিন্তু দেশ-প্রবাসের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় তিনি ফিরে পেয়েছেন নতুন করে বাঁচার সাহস। মাত্র সপ্তাহখানেক আগে আমরা তাকে একটি হুইলচেয়ার দিয়েছিলাম। আর আজ প্রয়োজনীয় পণ্যসামগ্রী দিয়ে তার দোকানটি সাজিয়ে দিলাম।’

নতুন দোকান পেয়ে হাসেম মিয়া এখন হুইলচেয়ারে বসেই জীবনের নতুন লড়াই শুরু করতে চান। এই দোকান থেকে আয় করে পরিবারের ভরণপোষণ চালানোর স্বপ্ন দেখছেন তিনি।

হাসেম মিয়ার জীবনের এই উদ্যোগ মানবিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার একটি উদাহরণ হয়ে উঠেছে। একটি দুর্ঘটনায় জীবনের স্বাভাবিক ছন্দ হারালেও মানুষের ভালোবাসা ও সহযোগিতায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   শ্রীমঙ্গল   সাতগাঁও বাজার   সড়ক দুর্ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close