আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শাকিল আহমেদ বুলবুল।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর বড় কয়ের গ্রামে নিজ বাড়িতে আলোচনা সভার মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
দুপুর ১২টার দিকে পূবাইল বাজারে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লাল ফিতা কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি।
শাকিল আহমেদ বুলবুল বড় কয়ের গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। তিনি ভাওয়াল আলম সরকারি কলেজ ছাত্র সংসদের মনির-নাছির-স্বপন পরিষদ থেকে ম্যাগাজিন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
আলোচনা সভায় শাকিল আহমেদ বুলবুল বলেন, ‘আমি প্রার্থী হয়েছি, সেটাই বড় কথা নয়। আপনারা যাকে সৎ, যোগ্য ও ভালো মনে করবেন এবং যার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে, তাকেই মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে ন্যায় ও সততার সঙ্গে এলাকার মানুষের সেবা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবেন।’
সভায় বক্তব্য দেন গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম শহীদ, মোশাররফ হোসেন ভূঁইয়া, শাকিল সরকার, সাইফুল ইসলাম ছোটন, জাহিদ হোসেন মনির, মোরশেদুর রহমান ও মিরাজ সিকদারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীর পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তারা দল-মত ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
কেকে/ এসএমএন