মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া দুইটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে,
সেন্টকম জানায়, ড্রোন দুইটি মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি, কোনো স্থাপনারও ক্ষতি হয়নি।
একই সঙ্গে শুক্রবার সকালে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আগাম সতর্কতামূলক রাডার’ স্থাপনায় হামলার আইআরজিসির দাবিও নাকচ করেছে সেন্টকম। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে জানিয়েছে সেন্টকম।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে মাইনে আঘাতের পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে।
সেই সঙ্গে প্রণালিটির দক্ষিণ দিকের অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ ব্যবহার না করতে আবারও সতর্ক করেছে তারা।
শুক্রবার সকালে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।’
এর আগে আইআরজিসি জানায়, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস করে দিয়েছে তারা।
এছাড়া হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার কথা ইরানের নৌবাহিনী। কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।
সূত্র : ইরনা, আনাদোলু
কেকে/এমএ