শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      
অর্থনীতি
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যে চালপ্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হয়।

বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য করার অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হলো নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাঁদের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে ৮টি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) চাল বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এ ছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন শুক্রবার সকাল থেকেই নির্ধারিত প্রতিটি ট্রাকসেল কেন্দ্রে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। 

এ কর্মসূচির মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কিছুটা কমবে এবং তাঁদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পোশাক শ্রমিক   ৩০ টাকা কেজি   চাল বিক্রি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close