সিলেটের জৈন্তাপুরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হয়নি হাতকড়াটিও। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামি জাকারিয়া মাহমুদ ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাম আসা সাদ্দাম হোসেন এখনো পলাতক রয়েছেন।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিপুর সংলগ্ন করিচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও একাধিক মামলার আসামি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হাতে হাতকড়া পরানো হয়। পরে করিচর ব্রিজ এলাকায় তার সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়ে বলপ্রয়োগের মাধ্যমে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার ও হাতকড়া উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জাকারিয়া মাহমুদ ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আসামি ছিনতাইয়ের ঘটনায় সাদ্দাম হোসেনের নাম আসায় তার কোনো দায় দল নেবে না বলে জানিয়েছে জৈন্তাপুর উপজেলা বিএনপি। গত ১২ নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি ব্যক্তিগত বিষয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য কোনো অপরাধে জড়িত হলে তার দায় দল বহন করবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানায় উপজেলা বিএনপি।
ঘটনার পাঁচ দিন পরও ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার এবং হাতকড়া উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত পলাতক ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
কেকে/ এসএমএন