মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি অন্তর গড়কে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে উপজেলার নন্দ্রানী চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল নন্দ্রানী চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত শুক্রম গড়ের ছেলে অন্তর গড়ের পৈতৃক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানার জিআর মামলা নম্বর ৮৫/২৩ (মাদক মামলা) রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্তর গড় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেকে/ এসএমএন