যশোর জেলার কেশবপুর উপজেলায় উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পৌর শহরের ইছহাক আলী বিশ্বাস সুপার মার্কেটে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্যাস্ট্রোলিভার, চর্ম, বাত, ব্যথা, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. জহিরুল হক ওয়াসিম।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা উপজেলার আলতাপোল গ্রামের জোহরা খাতুন বলেন, ‘উজ্জ্বল স্মৃতি সংসদ এর এমন মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফ্রি মেডিকেল ক্যাম্প করাই আমিসহ এলাকার গরীব ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারছে।’
পৌরসভার সাবদিয়া গ্রামের আক্তার হোসেন বলেন, ‘ব্যথার জন্য আমি ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে আমি বেশ খুশি। এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি মরহুম উজ্জ্বলের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সার্বিক মঙ্গল কামনা করছি।’
উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ বলেন, ‘মরহুম উজ্জ্বলের স্মৃতি ধরে রাখতেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে তারা খুবই আনন্দিত ও খুশি প্রকাশ করছি। তারই পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় ডা. জহিরুল ইসলাম অসীমের প্রতি চিরকৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও উজ্জ্বল স্মৃতি সংসদের পক্ষ থেকে এলাকার গরীব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।’
ক্যাম্পে উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম, মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সোহাগ বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সদস্য শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল, সবুজ, সুফল সিংহ প্রমুখ।
কেকে/এমএ