যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর (এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার) যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় চার ঘণ্টারও বেশি সময় ধরে স্থগিত ছিল সব ধরনের বিমানের উড্ডয়ন।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমান বন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে কেন্দ্রীয় বিমান চলাচল কতৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ)।
শুক্রবার স্থানীয় সময় এ সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত সাত হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
পরে রাত ৮টা ১৫ মিনিটে এ স্থগিতাদেশ তুলে নেয় এফএএ।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের এভিয়েশন ইতিহাসে দেশজুড়ে এভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করার ঘটনা অত্যন্ত বিরল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে ফ্লাইট বন্ধের এ ঘটনাকে দ্বিতীয় বড় নজির হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও কম্পিউটিং সিস্টেমের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টার কিছু কম সময়ের জন্য বন্ধ রেখেছিল এফএএ।
সূত্র : সিএনএন
কেকে/এমএ