হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক লাইভে মাহদী হাসান জানান, দুর্বৃত্তরা প্রথমে তাঁর বাসার টিনের চাল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
পরে বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি বোমা ছোড়া হয় বলে তিনি দাবি করেন।
লাইভে তাঁকে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাস্থলে জড়ো করতে এবং ঘটনার বিবরণ দিতে দেখা যায়। এ সময় বাসার বৈদ্যুতিক মিটার পুড়ে যাওয়ার দৃশ্যও লাইভে উঠে আসে।
খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘ঘটনাস্থলটি মাহদী হাসানের চাচার বাড়ি। সেখানে একটি টিনের ঘরে স্থাপিত বিদ্যুতের মিটার থেকে একাধিক অটোরিকশা চার্জ দেওয়া হয়। অতিরিক্ত বিদ্যুৎ লোডের কারণে মিটারটি পুড়ে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে।’
তবে ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপ নাকি বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত লোডের কারণে অগ্নিকাণ্ড; তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
কেকে/এমএ