দেশের পোশাক খাতের চলমান অস্থিরতায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া পতিত আওয়ামী লীগের অপতৎপরতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিয়েছে। যা ভাবিয়ে তুলেছে ব্যবসায়ী মহলকে। তাদের আশঙ্কা, আওয়ামী লীগ ও তাদের দোসসরা যেভাবে পরিকল্পিতভাবে দেশে সহিংসতা উসকে দিচ্ছে, তাতে ব্যাহত হতে পারে ব্যবসায়িক পরিবেশ। নষ্ট হতে পারে বিনিয়োগ পরিবেশ। যার প্রভাব পড়বে দেশের সার্বিক অর্থনীতিতে।
ব্যবসায়ীদের আশঙ্কা, সম্প্রতি দেশজুড়ে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং শ্রমিক অসন্তোষের আড়ালে রয়েছে আওয়ামী লীগ। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দেশের উৎপাদন খাত, সাপ্লাই চেইন এবং সামগ্রিক অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
পোশাকশিল্পে অস্থিরতা :
সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির আন্দোলনের আড়ালে বহিরাগতদের অনুপ্রবেশ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশের দাবি অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কারখানায় হামলা ও উৎপাদন ব্যাহত হলে রপ্তানি আদেশ বাতিল হওয়ার শঙ্কায় রয়েছেন মালিকরা।
ব্যবসায়ীরা বলছেন, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, গণপরিবহনে আগুন এবং রেলপথে নাশকতার ফলে পণ্য পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এ ধরনের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কাঁচামাল সরবরাহ এবং পণ্য বাজারে পৌঁছানোর প্রক্রিয়া ভেঙে পড়বে।
এ ছাড়া রয়েছে আর্থিক ক্ষতি ও নিরাপত্তাহীনতা। গোপালগঞ্জ ও শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে দোকানপাট ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসকে ঘিরে নাশকতার পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সবচেয়ে বড় আঘাত আসতে পারে বৈদিশিক বিনিয়োগে। আওয়ামী লীগের নৈরাজ্য যদি অব্যাহত থাকে, তবে তার নেতিবাচক প্রভাব পড়বে বিদেশি বিনিয়োগে। বাসে আগুন, ভাঙচুর ও রাজনৈতিক অস্থিরতায় বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন। আর বিনিয়োগে মন্দা মানেই নতুন কর্মসংস্থানের পথ সংকুচিত হয়ে পড়া।
বন্ধ হতে পারে ২১০ পোশাক কারখানা :
শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকরা। গত বুধবার এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা এবং রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ নিচ্ছেন না। কেউ কেউ হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। আবার কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে কোনো কোনো কারখানায় টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, সভায় উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী আশুলিয়াসহ শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ সব সদস্যকে নিয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ বলেন, একদিকে কারখানায় শ্রমিকরা কাজ করছেন না, অন্যদিকে কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটছে। একই সময়ে মজুরি নিয়েও আলোচনা চলছে। এ অবস্থায় কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। কোনো কোনো কারখানায় টানা ১১ দিন উৎপাদন সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বেতন কীভাবে দেওয়া হবে, তা নিয়েও মালিকেরা উদ্বিগ্ন।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় হা-মীম, নিউ এজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোর মতো বড় পোশাক কারখানা রয়েছে। বিজিএমইএর সূত্র অনুযায়ী, এসব এলাকার কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। ফলে ২১০টি কারখানা বন্ধ হলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ও আয় অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
এদিকে কারখানা বন্ধের আশঙ্কায় রপ্তানি ক্রয়াদেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। চলমান ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ে উৎপাদন ও সরবরাহ করা কঠিন হয়ে পড়তে পারে। অন্য কারখানাগুলোতে আগে থেকেই উৎপাদনের চাপ থাকায় বন্ধ কারখানার কাজ সেখানে স্থানান্তর করাও সহজ হবে না। এছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কারখানা, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের শর্ত থাকায় বিকল্প কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন করাও কঠিন হতে পারে।
শোভন ইসলাম বলেন, চাইলেই অন্য কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন করা সম্ভব নয়। এ কারণে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এমনকি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।
ব্যাংক হিসাব জব্দেও উদ্বেগ :
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে ইন্ধন দেওয়ার সন্দেহে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার পর প্রায় ১০০ ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তালিকায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, এমন ব্যবসায়ীদের নামও থাকায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, যাচাই-বাছাই করে তালিকায় নাম দেওয়া হলে হয়রানির ঘটনা ঘটত না। একটি প্রতিষ্ঠানকে বর্তমান অবস্থানে আনতে ৪০ বছর সময় লেগেছে। অভিযোগ থাকলে তাদের সঙ্গে কথা বলা যেত।
দ্রুত যাচাই করে বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোশাররফ বলেন, এনবিআর অন্যায্যভাবে তাদের নাম তালিকায় দিয়েছে। তারা কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের কারখানার শ্রমিকেরাও আন্দোলনে নেমেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে তারা শ্রমিকদের ইন্ধন দিয়ে রাস্তায় নামিয়েছেন।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ আনার আগে ভালোভাবে তদন্ত করা উচিত। এরপরই ব্যবস্থা নেওয়া যুক্তিযুক্ত। তারা এখনো পুরো তালিকা পাননি।
বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করবেন বলেও জানান তিনি।
কেকে/এমএ