খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা উপজেলায় দুর্বৃত্তের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লতিত বিকাশ ত্রিপুরা, আহ্বায়ক কমিটির সদস্য প্রবীন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সুমন ত্রিপুরা।
তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা খাগড়াছড়ি জেলা সদর থেকে সাংগঠনিক কাজ শেষ করে মাটিরাঙ্গা ফিরছিলেন বলে জানা গেছে। পথিমধ্যে পুনর্বাসন নামের স্থানে পৌঁছালে তাদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার খবর পেয়ে রাতে আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াসিম, সদর উপজেলা যুবদলের সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।
তারা আহতদের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
এমএন আবছার হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
তিনি বলেন, ‘২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ‘চারজন আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছি এবং অভিযানও চালাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।’
কেকে/এমএ