প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০-১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ক্ষতিপূরণ ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে ৫ দফা প্রস্তাব তুলে ধরেন। এবারের এই সম্মেলন থেকে জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ।
সম্মেলনে অংশগ্রহণকালে বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের প্যাভিলিয়নে নবায়নযোগ্য জ্বালানিচালিত পাটকল ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য তুলে ধরা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।
সব মিলে এবারের সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি অনেক বড় না হলেও ছোট নয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-এ সবচেয়ে বড় প্রত্যাশা আর্থিক সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা। তবে অতীতের মতো নতুন নতুন প্রতিশ্রুতির মধ্যেই এবারের সম্মেলন সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা মিলবে—এ প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, উন্নত দেশগুলোর কাছ থেকে যেন বাস্তব ও দৃশ্যমান তহবিল পাওয়া যায়, সেজন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। সামনের দিনে বাংলাদেশকে তার সৃষ্ট ক্ষতি মোকাবিলা ও আন্তর্জাতিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে পরিকল্পিতভাবে এগোতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত পেছানোর কারণে বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের পরিচয়েই দরকষাকষির টেবিলে বসতে পেরেছে।
তাই বড় অঙ্কের প্রতিশ্রুতির চেয়ে এই সময়ে ঝুঁকিভিত্তিক বরাদ্দ এবং অভিযোজনের অর্থ ও বিনিয়োগযোগ্য প্রকল্পে নিজেদের জায়গা পাকা করাকে বিশেষজ্ঞরা বেশি গুরুত্ব দিচ্ছেন।
এবারের সম্মেলনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, বরং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন এবং লস অ্যান্ড ড্যামেজ (ক্ষতিপূরণ) তহবিলের অর্থ সহজলভ্য করার জোরালো দাবি জানিয়েছে। কারণ, জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর বাংলাদেশের প্রায় ১৫.২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় অভিযোজন তহবিল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা। এখন প্রশ্ন হলো- এই সম্মেলন থেকে
বাংলাদেশ কী সুবিধা পেল :
জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ :
এবারের সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বাড়াতে ৩০ মিলিয়ন বা ৩ কোটি ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘অ্যারাইজ’ কর্মসূচির প্রথম ধাপে নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। গত ১২ নভেম্বর তুরস্কের আনাতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১’-এর ব্লু জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন। পাশাপাশি মোজাম্বিক ও মালাউইকে নিয়ে একটি আঞ্চলিক উদ্যোগেও অর্থায়ন করা হবে। নির্বাচিত প্রতিটি দেশ ৩০ মিলিয়ন ডলার করে পাবে। আর আঞ্চলিক উদ্যোগটির জন্য বরাদ্দ থাকবে ৪০ মিলিয়ন বা ৪ কোটি ডলার।
সবুজ পাট ও পরিবেশবান্ধব পণ্যের প্রচারের সুযোগ : কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের প্যাভিলিয়নে নবায়নযোগ্য জ্বালানিচালিত পাটকল ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য তুলে ধরা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে জানান, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।
উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দাতাদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধির দাবি জানানোর কথাও জানান তিনি।
জলবায়ু অর্থায়ন ও ঝুঁকিভিত্তিক বরাদ্দ বাড়ানোর দাবি :
সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, বরং পর্যাপ্ত ক্ষতিপূরণ, অভিযোজনের জন্য সহজলভ্য অর্থায়ন এবং ঝুঁকিভিত্তিক বরাদ্দের দাবি জোরালোভাবে তুলে ধরেছে। এ ছাড়াও জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান (গ্রিন জবস) সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দ্বিপক্ষীয় আলোচনা ও সহযোগিতার আশ্বাস : সম্মেলনে অংশগ্রহণকালে বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
দাবি আদায়ে কূটনৈতিক তৎপরতা জরুরি :
বিশেষজ্ঞরা বলছেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান কতটা কার্যকর হবে, তা অনেকাংশে নির্ভর করবে দেশটির কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক জোটগুলোর সঙ্গে সমন্বয়ের ওপর। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তনবিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে সরকারপ্রধান, পরিবেশমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু অর্থায়ন ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সমস্যা তুলে ধরতে দ্বিপক্ষীয় বৈঠকও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতীক রহমান বলেন, বাংলাদেশকে শুধু নিজস্ব স্বার্থ নয়; বরং এলডিসি ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সম্মিলিত দাবিও তুলে ধরতে হবে। আন্তর্জাতিক আলোচনায় ঐক্যবদ্ধ অবস্থান বাংলাদেশের দাবি আদায়ের সক্ষমতা বাড়াতে পারে।
বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক একেএম সাইফুল ইসলাম উল্লেখ বলেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, প্যারিস চুক্তি নিয়ে জটিলতা এবং তেলসমৃদ্ধ দেশগুলোর অবস্থানের কারণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাওয়া সহজ নয়। ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার এবং দীর্ঘমেয়াদে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ।
কেকে/এমএ