শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      
খোলাকাগজ স্পেশাল
সম্পূরকদের প্রতি অনীহা বুয়েটসহ চার প্রতিষ্ঠানের
মোহাম্মদ উল্লাহ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। মূলত তাদের শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে জন্য এ ব্যবস্থা নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরেই তাদের সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। তবে বুয়েট, ঢাবি, জাবি ভর্তি পরীক্ষা তার আগেই সম্পন্ন হয়ে যাবে। 

ফলে সম্পূরকে উত্তীর্ণ হলেও এসব পরীক্ষার্থী দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। এতে হতাশা বিরাজ করছে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে। 

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। গত বৃহস্পতিবার এ পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ। 

গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য বা তাদের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু করার সিদ্ধান্ত হয়। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। ইউজিসির ওই সভার পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে সময়সূচিতে পরিবর্তন এনেছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে।

এ বিষয়ে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয় এইচএসসিতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের (যারা উত্তীর্ণ হতে পারেন) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। কারণ, এই শিক্ষার্থীরাও এ দেশেরই সন্তান। তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে অসুবিধা কোথায়? 

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না। তারা আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বহাল রয়েছে।

বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য একরামুল হক গত বুধবার বলেন, ভর্তি পরীক্ষার তারা পরিবর্তন করবেন না। আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর। ঘোষিত সময় মেনে আবেদন ও পরীক্ষা হলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আগামী ১০-২১ জানুয়ারির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হবে। ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা সুযোগ পাবেন না।

এর আগে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পরীক্ষার সূচিতে পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ দিন। আর পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে।

এ ছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ফলে এখানেও সম্পূরকদের অংশ নেওয়ার সুযোগ থাকছে না। 

যে শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ থাকবে : 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। শর্ত সাপেক্ষে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার জন্য সাত দিন সময় পাবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলেন, ১৫ নভেম্বর ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। তবে সব ছাত্রছাত্রীদের জন্য যেটা ভালো হয় সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, তাদের ভর্তি পরীক্ষা হবে ১৭ ও ১৮ জানুয়ারি। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে ওই শিক্ষার্থীরা সহজেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করবে ১ জানুয়ারি। বিভিন্ন অনুষদের পরীক্ষা চলবে ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি পর্যন্ত। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। গত বুধবার বিশ্ববিদ্যালয়টি এ সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়ও পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল। তবে আবেদনের সময় পরিবর্তন হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে এইচএসসির সম্পূরক পরীক্ষার পরীক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সম্পূরকদের প্রতি অনীহা   বুয়েট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close