খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় এ অঞ্চলের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রূপসায় বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা জেলায় ৭৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মহানগরীতে ৩৮টি এবং জেলার নয়টি থানা এলাকায় ৪০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে মহানগরীতে এবারই সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশের দাবি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা এবং অপরাধী চক্রের অভ্যন্তরীণ বিরোধ এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা উদ্যোগের কথা জানালেও ধারাবাহিক হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
পুলিশের হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১ মাসে ৭৮ জন নিহত হয়েছেন। হিসাবে প্রতি মাসে সাতজনের বেশি। জেলা পুলিশের হিসাবে, খুলনায় ২০২১ সালে ৩০টি, ২০২২ সালে ২২টি, ২০২৩ সালে ২১টি, ২০২৪ সালে ৩১টি এবং ২০২৫ সালে ৪৯টি হত্যা মামলা হয়েছিল।
আলোচনায় নয়টি সন্ত্রাসী গ্রুপ :
খুলনায় সাম্প্রতিক সময়ে অপরাধের বেশিরভাগ ঘটনায় ঘুরেফিরে নয়টি সন্ত্রাসী গ্রুপের নাম এসেছে। তারা এতটাই বেপরোয়া যে জনবহুল এলাকাতেও প্রকাশ্যে গুলি করতে দ্বিধা করছে না।
পুলিশের একাধিক সূত্র বলছে, খুলনায় সক্রিয় অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমায়ুন কবিরের হুমা বাহিনী, শেখ সাইদুর রহমান ওরফে শাওনের টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, পুরো খুলনা শহরেই বাবু গ্রুপের আধিপত্য রয়েছে। নূর আজিম ও আশিক গ্রুপের আধিপত্য খুলনা সদর ও লবণচরা থানা এলাকায়। শাওন গ্রুপ সক্রিয় সোনাডাঙ্গা ও খালিশপুরে, আরমান গ্রুপ ও হুমা বাহিনীর আধিপত্য দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায়। আর নাসিম গ্রুপের প্রধান নাসিমুল গণিকে ৪ অক্টোবর দিঘলিয়া উপজেলায় গুলি করে হত্যা করা হয়। খুলনা সদর, লবণচরা ও হরিণটানা এলাকায় গত কয়েক মাসে গুলি ও হত্যার ঘটনা বেশি ঘটেছে।
অন্যদিকে খুলনা জেলা পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, দিঘলিয়া, আড়ংঘাটা, কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়ায় ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠীর কারও কারও বিরুদ্ধে মাদক ও অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় আধিপত্য, জমি, ঘের, বালুর ব্যবসা, পরিবহন ও ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে এসব গোষ্ঠী প্রায়ই বিরোধে জড়ায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, নগরীর বিভিন্ন এলাকায় এসব গ্রুপের তৎপরতা রয়েছে। পুরো নগরীতে সন্ত্রাসী বাহিনীর আধিপত্য রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। নূর আজিম ও আশিক গ্রুপ খুলনা সদর ও লবণচরা এলাকায় সক্রিয়। শাওন গ্রুপের তৎপরতা সোনাডাঙ্গা ও খালিশপুরে। আরমান গ্রুপ ও হুমা বাহিনীর প্রভাব রয়েছে দৌলতপুর ও খানজাহান আলী এলাকায়। নাসিম গ্রুপের প্রধান নাসিমুল গণি গত ৪ অক্টোবর দিঘলিয়ায় গুলিতে নিহত হন।
জেলার মধ্যে হত্যাকাণ্ডে শীর্ষে রূপসা :
জেলার রূপসায় স্বল্পবাহিরদিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, খুলনার নয়টি থানার মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রূপসায়। চলতি বছরে এ উপজেলায় ১৩টি হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া দিঘলিয়া, পাইকগাছা ও কয়রায় পাঁচটি করে, ডুমুরিয়া ও বটিয়াঘাটায় তিনটি করে, তেরখাদায় দুটি এবং ফুলতলায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। তবে দাকোপে চলতি বছরে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার :
রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকালসোমবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা সরকারি কলেজের বিপরীতে সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুজনকে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় আক্তার ঢালীকে (৬৪)। গত ১৫ আগস্ট একই এলাকায় জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ১১ আগস্ট রূপসা ব্রিকস ইটভাটায় গুলিতে নিহত হন যুবদল কর্মী ফখরুল শেখ (৩২)। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের দিন গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিন ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামের এক ঘের ব্যবসায়ী নিহত হন। দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফার সানার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। তরিকুল ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবদুস সালামের ছেলে।
অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে :
খুলনার অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। নগর গোয়েন্দা পুলিশের অনুমান, নগরে এখনো অন্তত ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এ সময়ে জেলা ও মহানগরীতে ৭৮টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের অভিযান ও কঠোর অবস্থানের ঘোষণা :
সন্ত্রাস দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতির উন্নয়নে বিশেষ অভিযান, টহল জোরদার ও সমন্বিত চেকপোস্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মোটরসাইকেল তল্লাশিও বাড়ানো হবে বলে জানিয়েছে জেলা ও মহানগর পুলিশ।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেছেন, বেশির ভাগ হত্যাকাণ্ডের পেছনে মাদক-সম্পর্কিত বিরোধ রয়েছে। পুলিশ তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে। কিন্তু তাদের কেউ কেউ জামিনে বেরিয়ে আবার বেপরোয়া হয়ে ওঠেন। সাধারণ মানুষও অপরাধীদের বিরুদ্ধে কথা বলতে চান না। এটিও বড় সমস্যা।
কেএমপির কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। অধিকাংশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, ‘সন্ত্রাস দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে আছে। পরিস্থিতির উন্নয়নে বিশেষ অভিযান চালানো হচ্ছে। থানাগুলোর সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার এবং সমন্বিত চেকপোস্ট বসানোর পরিকল্পনা রয়েছে। মোটরসাইকেল তল্লাশির আওতাও বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীরা দুর্গম ও সরু সড়ক দিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। এক থানার এলাকায় অপরাধ করে অন্য থানায় চলে যাওয়ার ঘটনাও ঘটে। এ কারণে বিভিন্ন থানার মধ্যে সমন্বয় করে অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কেকে/এমএ