ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ ও পথচারীসহ অন্তত ১৫ জন আহত, দলীয় কার্যালয় ও সাধারণ মানুষের ৪-৫টি দোকান ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে আতাউর রহমান সরকার বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে গত ৭ নভেম্বর কসবায় এবং ১৩ নভেম্বর আখাউড়া উপজেলা সদরে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং এক গ্রুপের ওপর অন্য গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। আজ আখাউড়ায় পুলিশসহ ১৫ জনের বেশি আহত হয়েছেন।'
`দলীয় কার্যালয়ের পাশাপাশি সাধারণ মানুষের দোকানপাট ভাঙচুরের খবরও পেয়েছি। এসব ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, বরং আখাউড়ার সাধারণ মানুষের জন্য এক অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করেছে।'
তিনি আরও বলেন, ‘দুঃখজনক বিষয় হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।’
আতাউর রহমান সরকার দ্রুত কসবা-আখাউড়ার সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে এবং জননিরাপত্তা বিঘ্নিত করা ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘দুঃখ লাগে, যাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরই কর্মকাণ্ডে আজ কসবা-আখাউড়ার মানুষ অনিরাপদ বোধ করছেন।’
কেকে/এমএ