মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ধর্ষণ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তামিম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-৯), সিলেট।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এসএআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসএআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শুক্রবার রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শ্রীমঙ্গল সিএনজি স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় শ্রীমঙ্গল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তামিম হোসেন সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষণবন্দ এলাকার পূর্ব বটিয়া পাড়ার চুনু মিয়ার ছেলে।
এসএআরবি-৯ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তামিম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এসএমএন