শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
বিশ্ব ডায়াবেটিস দিবসে কিশোরগঞ্জে ৬ কিমি ম্যারাথন, অংশ নিলেন ৭০০ জন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে ৬ কিলোমিটার সচেতনতামূলক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নেন। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জ জেলা ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়। বড়পুল এলাকা ঘুরে একই স্থানে এসে দৌড় শেষ হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা এবং ট্রফি দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী ১০ জনকেও ট্রফি প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। এ ছাড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত শারীরিক পরিশ্রম, পরিমিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা, হাঁটাচলা ও শরীরচর্চায় অভ্যস্ত করতে হবে।

ম্যারাথনে অংশ নেওয়া কিশোরগঞ্জ রানার্স কমিউনিটির সদস্য শফিউল আলম শফিক বলেন, তাদের সংগঠনের প্রায় ৪২ জন সদস্য এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নির্ধারিত ৬০ মিনিটের আগেই তারা সবাই সুস্থভাবে দৌড় শেষ করেন। নিয়মিত দৌড় শরীর সুস্থ রাখতে সহায়তা করে উল্লেখ করে তিনি এ ধরনের আয়োজনের জন্য কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতিকে ধন্যবাদ জানান।   

কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নিয়েছেন। এ আয়োজনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাবার, শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।’

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘সুস্থ থাকতে প্রতিদিনের জীবনে শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু রোগ হওয়ার পর চিকিৎসা নয়, রোগ প্রতিরোধেও সবাইকে সচেতন হতে হবে। ম্যারাথনে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক।’

সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করতে হবে। এ ধরনের আয়োজন স্বাস্থ্যকর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘আমি নিজে এবং আমার পরিবারের বাবা-মা, বোন, বোনজামাই, চাচা-চাচিসহ অনেকেই দীর্ঘ ১২-১৩ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। তাই এ রোগের চিকিৎসা ও সেবা গ্রহণের ভোগান্তি আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি।’

তিনি বলেন, ‘ভৈরবসহ দূরবর্তী উপজেলা থেকে রোগীদের ৫৫-৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে না খেয়ে কিশোরগঞ্জে এসে রক্ত পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে হয়। এ ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ডায়াবেটিক সমিতির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী বছর অন্তত একটি উপজেলায় এ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডায়াবেটিক সমিতির সেবার মান ও অবকাঠামোগত উন্নয়নে কিশোরগঞ্জ ও ঢাকার ব্যবসায়ী, শিল্পপতি এবং বিত্তবানদের সম্পৃক্ত করে মতবিনিময় সভার আয়োজন করা প্রয়োজন। থ্রিডি প্রজেকশনের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।’ 

কেকে/ এসএমএন  



আরও সংবাদ   বিষয়:  বিশ্ব ডায়াবেটিস দিবস   ডায়াবেটিস সচেতনতা   কিশোরগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close