পটুয়াখালীর দশমিনা উপজেলায় সন্ত্রাসবিরোধী মামলায় মো. ইলিয়াস আহমেদ মুন্সী নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নলখোলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইলিয়াস আহমেদ মুন্সী আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও রত্তন মুন্সীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। এ ঘটনায় দশমিনা থানায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর-২৫/২০২৬। ওই মামলায় সম্পৃক্ততার অভিযোগে ইলিয়াস আহমেদ মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘বড়গোপালদী বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় করা মামলায় আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কেকে/ এসএমএন