সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শালকালী-পারুলিয়া সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাকিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুস্তাকিন এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে শালকালী থেকে পারুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শালকালী-পারুলিয়া সড়কে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে/ এসএমএন