আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে সিএসই বিভাগ।
দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, সিএসই বিভাগ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চার বছর শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের সময়। এ সময়ে পড়াশোনা ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্ভাবনী চিন্তায় উদ্যোক্তা ও চাকরিদাতা হওয়ার আহ্বান জানান তিনি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলের পেছনে না ছুটে দক্ষ ও ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয় কেবল সনদ অর্জনের জায়গা নয়; এখান থেকে জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে মানবসভ্যতার কল্যাণে অবদান রাখতে হবে।’
সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, প্রভাষক এসকে. সালাউদ্দীন কবীর এবং শিক্ষার্থী মো. জসিম উদ্দিন ও মো. নিশাত। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেকে/ এসএমএন