ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিভাগের আরও ২১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং চারজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লোক প্রশাসন বিভাগের স্থায়ী বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাইয়ুম মোস্তফা, আল নাজিব মাহি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন বরকত।
একই বিভাগের সায়েম হাফিজ সিয়াম, মুজাহেদুল ইসলাম মিম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হালিম ও আহসানুল হাবিবকে ভবিষ্যতে শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে সতর্ক করা হয়েছে।
র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছর এবং শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ওই বিভাগে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ ওঠার পর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ১ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
কেকে/ এসএমএন