কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে ফখরুল আলম কিরণ (৫৩) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেপক্ষের অন্তত ৬০ জন অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর অতিথিরা অসুস্থ হতে শুরু করেন।
নিহত ফখরুল আলম কিরণ বড়কান্দা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় পল্লি চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়েতে প্রায় ৩০০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। কনেপক্ষ ও বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশনের কয়েক ঘণ্টা পর রাত ১০টা থেকে ১২টার মধ্যে অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে।
অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হলে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ফখরুল আলম কিরণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিয়ের অনুষ্ঠানের অতিথি ফজলু মিয়া জানান, তিনিও অন্য অতিথিদের সঙ্গে খাবার খেয়েছিলেন। রাত ১০টার দিকে তার পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে একে একে অনেক অতিথি অসুস্থ হয়ে পড়েন।
আরেক অতিথি রহিম মিয়া বলেন, ‘বিয়ের আনন্দঘন অনুষ্ঠান মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়। খাবার খাওয়ার পর অনেকের পেটব্যথা ও বমি শুরু হলে অসুস্থ স্বজনদের নিয়ে হাসপাতালে ছুটতে হয়।’
কনের বাবা আরজু মিয়া জানান, বিয়ের খাবার তৈরির দায়িত্ব চুক্তিতে একজন বাবুর্চিকে দেওয়া হয়েছিল। এ জন্য ১৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। খাবারের উপকরণ কেনা থেকে রান্নার সব দায়িত্ব ছিল ওই বাবুর্চির। জুমার নামাজের সময় অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে রাত ১০টা থেকে ১২টার মধ্যে অতিথিদের অসুস্থ হওয়ার খবর আসতে থাকে।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস বলেন, ‘শুক্রবার রাত ১টা ২০ মিনিটে প্রথম অসুস্থ রোগীকে হাসপাতালে আনা হয়। এরপর রোগীর সংখ্যা বাড়তে থাকে। শনিবার পর্যন্ত ৫০ জনের বেশি রোগীকে তীব্র পানির মতো ডায়রিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর চাপ বাড়ায় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে অতিরিক্ত ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা করা হয়।’
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হওয়ার খবর পেয়েছে পুলিশ। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
কেকে/ এসএমএন